ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধর্ষণের ঘটনা নিয়ে ‘চেরি-পিকিং’ বন্ধের আহ্বান রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১০:০৭ রাত

সংগৃহীত

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনাগুলোকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে সমান গুরুত্বের সঙ্গে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু ঘটনা ব্যাপক আলোচনায় এলেও একই ধরনের আরও বহু ঘটনা জনদৃষ্টির আড়ালেই থেকে যায়। ফলে বিচার ও জনসচেতনতার ক্ষেত্রে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে।

রুমিন ফারহানার ভাষ্য, কোনো নির্যাতনের ঘটনা অতিরিক্ত আলোচিত হলেই সেটি নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু হয়। অথচ প্রতিটি ভুক্তভোগীর কষ্ট ও ক্ষতির মাত্রা সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে। তিনি মনে করেন, বিচারব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল না হলেও যথাযথ গুরুত্ব পাবে।

তিনি বলেন, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এক মাসে শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যার বড় অংশের ভুক্তভোগী শিশু। কিন্তু কিছু নির্দিষ্ট ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হলেও বাকি অনেক ঘটনা দ্রুতই মানুষের নজরের বাইরে চলে যায়।

আলোচনায় যৌন সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। শিশুদের ছোটবেলা থেকেই ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন করার পাশাপাশি যৌন হয়রানিকে একটি গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে দেখার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

রুমিন ফারহানা বলেন, অনেক নির্যাতনের ঘটনা কখনো প্রকাশ্যে আসে না। সামাজিক সংকোচ, পারিবারিক চাপ ও নানা কারণে বহু ভুক্তভোগী নীরব থাকতে বাধ্য হন। ফলে প্রকৃত পরিস্থিতি প্রকাশিত পরিসংখ্যানের চেয়েও ভয়াবহ হতে পারে।

তিনি আরও বলেন, ধর্ষণ বা যৌন সহিংসতার ঘটনায় আপস-মীমাংসার প্রবণতা বন্ধ করতে হবে। বিচারব্যবস্থাকে আরও ভুক্তভোগীবান্ধব ও সংবেদনশীল করা গেলে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

‘আর না+’ নামের নারী ও শিশু নির্যাতনবিরোধী নাগরিক উদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, সচেতনতা বৃদ্ধি এবং বিচার প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

Link copied!