ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রাফিক আইন ভাঙলে পুলিশ সদস্যরাও ছাড় পাবেন না: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৯:০৭ রাত

সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, ট্রাফিক আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কোনো পুলিশ সদস্য বা সরকারি কর্মকর্তা আইন অমান্য করলে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মে মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঈদুল আজহা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে অনেক সরকারি যানবাহনে অপ্রয়োজনীয়ভাবে হুটার ব্যবহার করা হচ্ছে। এমনকি কিছু সরকারি গাড়ি যথাযথ নিবন্ধন ছাড়াই চলাচল করছে, যা সড়ক আইন বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি বলেন, সরকারি কিংবা বেসরকারি—যে কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পুলিশের সদস্যদেরও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সদস্য আইন অমান্য করলে তাকে ছাড় দেওয়া হবে না।

ডিএমপির তথ্য অনুযায়ী, মে মাসজুড়ে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে রাজধানীতে ৩৮ হাজার ২৮৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে।

একই সময়ে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় মোট ৮ কোটি ৭১ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সড়ক পরিবহন আইনসংক্রান্ত ৩৩৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় একজনকে কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, মে মাসে পরিচালিত বিশেষ অভিযানে আরও ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ৫ হাজার ৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২২ লাখ টাকার বেশি অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Link copied!