ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের সাফল্য, ‘এটি গণতন্ত্রেরও বিজয়’ বললেন খলিলুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৮:১৯ রাত

সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের সাফল্যকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশে ফিরে তিনি বলেন, এই বিজয় শুধু বাংলাদেশের নয়, গণতন্ত্রেরও বিজয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অর্জন দেশের মর্যাদা আরও সুদৃঢ় করেছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসর্গ করা হলো।

তিনি জানান, এই সাফল্যের পেছনে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও সমর্থন ছাড়া এত অল্প সময়ে এমন অর্জন সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।

খলিলুর রহমান আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় এই লক্ষ্য অর্জিত হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও থাকা সম্ভব। অতীতেও বাংলাদেশের একজন কূটনীতিক একই সঙ্গে দুই দায়িত্ব পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের ভূমিকা নতুন মাত্রা পাবে।

Link copied!