ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬

প্রবাসী কার্ড চালু হলে আর লাগবে না বিএমইটি কার্ড, জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৪:৩১ দুপুর

সংগৃহীত

বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য একক ডিজিটাল সেবা নিশ্চিত করতে নতুন ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। এই কার্ড চালু হলে বর্তমানে ব্যবহৃত আলাদা বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, বিভিন্ন ধরনের আলাদা কার্ডের পরিবর্তে একটি কার্ডের মাধ্যমেই প্রবাসীরা প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে পারবেন। এ লক্ষ্যেই সরকার কাজ করছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুধু বৈধ কর্মী হিসেবেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাদেশিরা এর আওতায় আসবেন।

প্রস্তাবিত প্রবাসী কার্ডকে একটি বহুমুখী ডিজিটাল পরিচয়পত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি ব্যবহার করে প্রবাসীরা বিভিন্ন সরকারি ও আর্থিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন।

মন্ত্রী বলেন, আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে যোগ্য ব্যক্তিদের কার্ড প্রদান করা হবে। এজন্য একটি নির্দিষ্ট সেল গঠন করা হবে, যেখানে আবেদন ও অনুমোদনের কার্যক্রম পরিচালিত হবে।

প্রবাসীদের জন্য কী কী সুবিধা যুক্ত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দ্রুত ও সহজে রেমিট্যান্স পাঠানো, ব্যাংকিং সুবিধা, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা এবং বিভিন্ন ডিজিটাল সুবিধা অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কার্ডে আধুনিক ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত থাকবে এবং এটি ভবিষ্যতে প্রবাসীদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে।

Link copied!