ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬

মায়ের অবহেলার অভিযোগে ব্যবস্থা, যুগ্ম সচিবের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৮:০৫ রাত

সংগৃহীত

রাজধানীর মিরপুরে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে, সরকারি কর্মকর্তা এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। অভিযোগ উঠেছে, মায়ের প্রতি যথাযথ দায়িত্ব ও যত্ন পালনে অবহেলা করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বর্তমানে এ কে এম আনিসুর রহমান একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ মে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, বৃদ্ধা তার মেয়ের সঙ্গে একই বাসায় থাকলেও আলাদা একটি কক্ষে বসবাস করতেন। কয়েকদিন কোনো সাড়া না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে একজন নার্স ডাকা হয়। পরে কক্ষে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, বৃদ্ধার কক্ষের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অগোছালো। পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পরিচর্যা ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত ছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বয়স্ক বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও সামাজিক মূল্যবোধের বিষয়টি নতুন করে সামনে এনেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, তদন্ত শেষে আইনের বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!