রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা। ব্যাংকটির নতুন চেয়ারম্যানের পদত্যাগসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে ব্যাংকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা তাদের দাবিগুলো তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক নুর-উন-নবী।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের দাবির মধ্যে রয়েছে নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহাল এবং ব্যাংকের পরিচালনা পর্ষদে বিতর্কিত বা আর্থিক অনিয়মে অভিযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করার বিষয়টি নিশ্চিত করা।
এ ছাড়া ব্যাংক রেজল্যুশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা মালিকানা ও সম্পদের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং খাতে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
আন্দোলনকারীরা বলেন, ইসলামী ব্যাংকসহ দেশের আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণ জরুরি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাম্প্রতিক এক বক্তব্যেরও সমালোচনা করা হয়। ফোরামের নেতাদের দাবি, তারা রাজনৈতিক পরিচয়ে নয়, বরং গ্রাহক হিসেবে নিজেদের উদ্বেগ ও দাবি তুলে ধরছেন।
উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তনের পর বিষয়টি নিয়ে ব্যাংকের গ্রাহক ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ব্যাংকের সামনে চলমান কর্মসূচি ও দাবিগুলো সামনে এসেছে।

আপনার মতামত লিখুন :