টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এক গৃহবধূকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে আদালতে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীর স্বামী।
ঘটনাটি ঘটেছে সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘার পটল গ্রামে। অভিযোগে বলা হয়, স্থানীয় চার ব্যক্তি একটি নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে ওই বাড়িতে যান। সে সময় বাড়িতে পুরুষ সদস্য কেউ উপস্থিত ছিলেন না। গৃহবধূ তাদের চলে যেতে অনুরোধ করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা তাকে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তিনি জানান, তিনি ভোটার নন এবং পরিবারের অন্য সদস্যরা অন্য একটি প্রতীক সমর্থন করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরে অশোভন আচরণ করেন বলে অভিযোগে বলা হয়েছে। অন্যরা তার পোশাক টানাহেঁচড়া করে হেনস্তার চেষ্টা করেন বলেও দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাটি প্রকাশ পেলে পরবর্তীতে ক্ষতির হুমকিও দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন—একই এলাকার শহিদুল (৩০), সোহেল (২৫), এনামুল (৩২) ও আল আমিন (৩০)।
এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের স্থানীয় এক নেতা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন। তিনি বলেন, বিষয়টি রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে বিব্রত করতে সাজানো হতে পারে।
অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :