রাজধানীতে মঙ্গলবার দুপুরের পর হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি গাছ উপড়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান ও পথচারীদের চলাচলে সমস্যা দেখা দেয়। পরে সংশ্লিষ্টরা গাছ সরানোর কাজ শুরু করেন।
রাজধানীর বায়তুল মোকাররম, কাজীপাড়া এবং মেট্রোরেলের নিচের বিভিন্ন অংশে পানি জমে থাকতে দেখা গেছে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে হাঁটুসমান পানি জমে অনেককে দুর্ভোগে পড়তে হয়। তবে বিকালের দিকে কয়েকটি এলাকায় পানি ধীরে ধীরে নেমে যায়।
টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। কোথাও কোথাও জলাবদ্ধতা ও যানজট একসঙ্গে তৈরি হওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়। অফিসফেরত মানুষকে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে দেখা গেছে।
এদিকে ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের চাপও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বাস টার্মিনাল, রেলস্টেশন এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। একইসঙ্গে কোরবানির পশুর হাটে যাওয়া ক্রেতারাও কাদা ও পানিতে চলাচলে সমস্যায় পড়েন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়েছে। এর প্রভাবে কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন :