ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

আরাফার ময়দানে শুরু হলো হজের খুতবা, ইবাদতে মশগুল লাখো হাজি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ মে, ২০২৬, ০৩:৪৩ দুপুর

খুতবা পাঠ করছেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। ছবি : সংগৃহীত

সৌদি আরবের পবিত্র আরাফার ময়দানে শুরু হয়েছে এবারের হজের খুতবা। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে খুতবা প্রদান শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি গভীর মনোযোগের সঙ্গে খুতবা শুনছেন এবং ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, সৌদি আরবে আজ ৯ জিলহজ, যা মুসলিমদের কাছে ‘ইয়াওমে আরাফা’ বা আরাফা দিবস হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। এই দিনে হজ পালনকারীরা আরাফার ময়দানে অবস্থান করে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, দোয়া ও ইবাদতে মশগুল থাকেন।

সকাল থেকেই আরাফার ময়দানজুড়ে ভেসে আসছে তালবিয়া—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। সাদা ইহরামের পোশাকে বিশ্বের নানা দেশের হাজিরা একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রার্থনায় অংশ নিচ্ছেন।

হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত আরাফায় অবস্থানের জন্য মঙ্গলবার ভোর থেকেই মিনায় অবস্থানরত হাজিরা আরাফার উদ্দেশে যাত্রা শুরু করেন। ফজরের নামাজ আদায়ের পর ধীরে ধীরে তারা ঐতিহাসিক এই ময়দানে সমবেত হন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, এই আরাফার ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর বিশ্বের লাখো মুসলমান এই দিনে বিশেষ ধর্মীয় আবেগ ও গুরুত্বের সঙ্গে হজের আনুষ্ঠানিকতা পালন করেন।

 

Link copied!