ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ দুপুর

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও সাবেক অধিনায়ক **তামিম ইকবাল**কে ঘিরে নতুন করে রাজনৈতিক গুঞ্জন ছড়িয়েছে। আলোচনায় এসেছে, সাকিব আল হাসান ও **মাশরাফি বিন মুর্তজা**র মতো নির্বাচনে না দাঁড়ালেও তিনি নাকি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন। তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন দেশসেরা এই ওপেনার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের আগে দলটির কয়েকজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা যায় তামিমকে। সরকার গঠন ঘিরে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তামিমের নাম ভেসে ওঠে।

এ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে তামিম লিখেছেন, “আজ (গতকাল) সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।”

এদিকে তামিমের পাশাপাশি আলোচনায় এসেছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম–এর নামও। নির্বাচনের আগে থেকেই তাকে সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী হিসেবে ঘিরে গুঞ্জন ছিল। যদিও ঢাকা–১৬ আসনে নির্বাচন করে তিনি জয়ী হতে পারেননি। ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে তিনি পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। তবে সামাজিক মাধ্যমে তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম–৯ আসনে ভোট দেওয়ার পর তিনি বলেন, “জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।”

Link copied!