রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যা-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় সাজাপ্রাপ্ত এই আসামিকে শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে অধ্যাপক হাসিবুর রশীদকে খোঁজা হচ্ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে স্থানীয় কয়েকজন তাঁকে শনাক্ত করার পর আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের জুনে তাঁকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি ওই দায়িত্বেই ছিলেন।
আবু সাঈদ হত্যা মামলায় চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করে। মামলার ৩০ আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

আপনার মতামত লিখুন :