ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

অবসরে গেলেন কমিশনার মো. সরওয়ার, ডিএমপির নেতৃত্বে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ০৯:৪৯ সকাল

ছবি: সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন। বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস।

দায়িত্ব থেকে অবসরে যাওয়ার আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে এস এন নজরুল ইসলাম জানান, চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় মো. সরওয়ার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেছেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি ডিএমপির দায়িত্ব পালন করবেন।

এদিকে, এর আগেই এস এন নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলির আদেশ জারি করা হয়েছিল। গত সপ্তাহে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে সিআইডিতে পদায়ন করা হলেও এখনো নতুন কর্মস্থলে যোগদান করেননি তিনি।

রাজধানীর গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ডিএমপির নেতৃত্বে এই পরিবর্তন প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সামনে নগরীর নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার চ্যালেঞ্জ থাকবে।

 

Link copied!