ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিশ্বকাপ বয়কটের পথে গেলে নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬, ১১:৩৬ দুপুর

ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এই অবস্থানে অটল থাকলে পাকিস্তানকে নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনা করতে পারে। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞা, দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটারদের খেলায় অনাপত্তিপত্র না দেওয়া এবং এমনকি এশিয়া কাপ থেকেও বাদ পড়ার ঝুঁকি।

আইসিসি এর আগে বাংলাদেশের বিষয়ে দেওয়া এক ব্যাখ্যায় জানিয়েছে, ভারতে আয়োজিত টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। সব দিক বিবেচনা করেই টুর্নামেন্টের প্রকাশিত সূচি পরিবর্তন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি বলেছে, সূচির অখণ্ডতা বজায় রাখা এবং ইভেন্টের নিরপেক্ষতা রক্ষাই তাদের প্রধান লক্ষ্য।

এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আইসিসি ঘোষণা দেয়, ২০২৬ সালের পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড অংশ নেবে। ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকি নেই—এই মূল্যায়নের ভিত্তিতে বিসিবির ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়।

আইসিসির সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি প্রকাশ্যে অসন্তোষ জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং একই ধরনের পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন দেশের ক্ষেত্রে দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং তাদের বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া উচিত।

বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে মহসিন নাকভি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। সরকারের নির্দেশনার বাইরে গিয়ে পিসিবি কোনো সিদ্ধান্ত নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।

Link copied!