পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি পাঠিয়ে পিসিবি এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ সূত্রে জানা গেছে, মঙ্গলবার পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। বাংলাদেশ অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে।
ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে রাজি নয়। ফলে তারা শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের জন্য অনুরোধ করেছে। এ বিষয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার সর্বশেষটি গত সপ্তাহে ঢাকায় হয়েছে। তবে দুই পক্ষই তাদের অবস্থান অটল রেখেছে। আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হোক, আর বিসিবি বলছে নিরাপত্তার কারণে ভারতে খেলা সম্ভব নয়।
এর আগে গুঞ্জন উঠেছিল, পিসিবি পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে অথবা বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তান নিজেই বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। তবে পিসিবি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আপনার মতামত লিখুন :