বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা বলছেন, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পাদিত হয়েছে।
চুক্তির আওতায় উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি যৌথ গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং সামরিক বিশেষজ্ঞ বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে বাংলাদেশ–জাপান সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মুক্ত করবে এই সমঝোতা। ভবিষ্যৎ প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নেও এটি সহায়ক ভূমিকা রাখতে পারে।
এদিকে একই বৈঠকে বৃহৎ বিড়ালজাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক জোটে যুক্ত হওয়ার একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা জোরদারে ২০২৬-২০৩০ মেয়াদের একটি জাতীয় কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আন্তর্জাতিক অভিবাসন ব্যবস্থাপনায় বৈশ্বিক সহযোগিতার অংশ হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

আপনার মতামত লিখুন :