নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার পর শপথ অনুষ্ঠান গড়াবে না। তবে কে শপথবাক্য পাঠ করাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে।
শনিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি-এ আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি। প্রেস সচিব জানান, শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও দ্রুত এগিয়ে চলছে।
এদিকে নির্বাচনে একটি কেন্দ্রে ২০০ শতাংশ ভোট পড়েছে—এমন একটি সংবাদ নিয়ে প্রশ্ন উঠলে শফিকুল আলম তা নাকচ করে দেন। তিনি বলেন, এটি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং মূলত একটি মুদ্রণজনিত ভুল থেকে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা না বলেই সংবাদটি প্রকাশ করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। পরবর্তীতে ভুলটি সংশোধন করা হয়েছে বলে জানান প্রেস সচিব।

আপনার মতামত লিখুন :