ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

তাসনিম জারার মনোনয়ন বাতিল, ইসিতে আপিলের ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ বিকাল

ছবি: সংগৃহীত

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম শনিবার (৩ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানান।

মনোনয়ন বাতিলের পর তাসনিম জারা জানান, আইন অনুযায়ী মনোনয়ন দাখিলের জন্য প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও বেশি স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশন দশজন স্বাক্ষরকারীর মধ্যে দুজনকে নিয়ে আপত্তি তোলে, যার ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, আপত্তিকৃত দুই স্বাক্ষরকারীর একজন জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার, কিন্তু তার পক্ষে জানার কোনো উপায় ছিল না যে বাস্তবে তিনি এই আসনের ভোটার নন। অন্যজনের ক্ষেত্রে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের কপিতে তাকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবেই দেখা যায়, যদিও নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী তিনি এই আসনের ভোটার নন।

তাসনিম জারা আরও বলেন, যাদের স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে তারা দুজনেই নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার বলেই জানতেন এবং সে বিশ্বাস থেকেই স্বাক্ষর দিয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের নিজ নিজ আসন যাচাইয়ের কোনো কার্যকর ব্যবস্থা রাখা হয়নি, যার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলেও জানান তাসনিম জারা। তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান হবে বলে তিনি আশা করছেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

Link copied!