ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক: পরীমণি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ রাত

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত সাবেক তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকা ছিল না—এমনটাই স্পষ্ট করেছেন পরীমণি। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিনোদন অঙ্গনে চলা নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন, মূলত পারস্পরিক বোঝাপড়ার অভাবই তাদের বিচ্ছেদের কারণ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে পরীমণি বলেন, সংসার টিকিয়ে রাখতে দু’জনের সমান প্রচেষ্টা প্রয়োজন হয়, যা রাজ পুরোপুরি বুঝতে পারেননি। তার মতে, সম্পর্কের ভেতরে একে অপরের চেষ্টাকে সম্মান জানানোও অত্যন্ত জরুরি।

তৃতীয় পক্ষের সম্পৃক্ততা নিয়ে প্রচলিত ধারণা প্রসঙ্গে পরীমণি স্পষ্ট ভাষায় জানান, এসব কথা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ইন্ডাস্ট্রির ভেতরে একটি ভুল ধারণা ছড়িয়ে পড়েছে যে তার কারণেই রাজ সন্তানের খোঁজখবর নিতে পারছেন না, যা আদৌ সত্য নয়।

শরিফুল রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানান পরীমণি। তিনি বলেন, রাজ যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং কাউকে কিছু না বলেই বুঝতে পারেন যে তার একটি সন্তান রয়েছে, তাহলেই একজন বাবা হিসেবে দায়িত্ববোধ তৈরি হবে। এই উপলব্ধিটাই তিনি রাজের কাছে প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে পরীমণি ও শরিফুল রাজের বিয়ে হয়। ২০২২ সালের জানুয়ারিতে পরীমণির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে এবং একই বছরের আগস্টে জন্ম নেয় তাদের একমাত্র পুত্রসন্তান। তবে সন্তান জন্মের পর থেকেই দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে।

পরবর্তীতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। বর্তমানে দু’জনই আলাদা পথে নিজেদের পেশাগত কাজে ব্যস্ত সময় পার করছেন।

চলতি বছরে পরীমণিকে কলকাতায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফেলুবক্সী’-তে দেখা গেছে। পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও দুটি সিনেমা ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’।

অন্যদিকে, শরিফুল রাজকে সর্বশেষ দেখা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায়। বর্তমানে তিনি ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’ শিরোনামের নতুন দুটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

Link copied!